২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

এক জনের আঘাত গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 04:07 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের কারণে দু দল গ্রামবাসীর সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সাধুখালী গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানান শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা।

আহতদের মধ্যে আছেন, ইজারত আলি (৭০), মতিয়ার রহমান (৫৫), আতিয়ার রহমান (৫০), নুরু (৫৯), মদিনা বেগম ও ১৩ বছর বয়সী এক শিশু।  

তাদেরকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এক জনের আঘাত গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বাকি চারজন আহতকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গ্রামের শহিদুল ইসলাম বলেন, তাদের গ্রামে দুটি সামাজিক দল আছে। এক দলের ‘মাতুব্বর’ তিনি নিজে। প্রতিপক্ষ দলের মাতুব্বর বাদশা মিয়া। জমি নিয়ে বাদশার সঙ্গে তার বিরোধ আছে। 

শহিদুল ইসলামের অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাদশা তার দলের লোকজন নিয়ে জমি দখল করতে আসে। এ সময় তারা বাধা দিলে দু-দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। 

তবে এ বিষয়ে চেষ্টা করেও বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত আছে।”