১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, কাগজপত্রে অগ্নিসংযোগ

সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 05:09 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

নীলফামারী সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সরকারি কাগজপত্র ও অন্যান্য মালামালে অগ্নিসংযোগ করা হয়।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার ভোররাতে সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা নাজনীন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভোর রাতে বিদ্যালয়ের পেছনে নির্মাণাধীন একটি মন্দিরের বাঁশের মই টেনে এনে দেয়ালের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে চোরের দল। তারা ওয়াই-ফাই রাউটার এবং সোলারের একটি বড় ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

তারা শিক্ষকদের জায়নামাজ ও হিজাব পুড়িয়ে দেয় এবং দুটি স্টিলের আলমিরা ভেঙে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র অগ্নিসংযোগ করে নষ্ট করে।

ভোরের দিকে বিদ্যালয় ভবনে ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয়রা এবং পরিচালনা কমিটির সদস্যরা গিয়ে আগুন নেভান। 

নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জছিজুল আলম মণ্ডল বলেন, “আমরা বিদ্যালয়ের চুরি ও অগ্নিসংযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি, যাতে দ্রুত অপরাধীরা ধরা পড়ে।”

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।”