২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মানতে হবে স্বাস্থ্যবিধি

বিশ্ব ইজতেমায় আসা বিদেশি মুসল্লিদের ভিসা সহজ করার পদক্ষেপ নিতে বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মানতে হবে স্বাস্থ্যবিধি

বিশ্ব ইজতেমা ২০২৩ এর সার্বিক নিরাপত্তা নিয়ে সমন্বয়সভা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2022, 08:47 PM

Updated : 26 Dec 2022, 08:58 PM

করোনা পরিস্থিতিকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এবার সবাইকে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

তিনি বলেন, কোভিড সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি। চায়না ও ভারতে সংক্রমণ আবার বাড়ছে। তাই সবাইকে এ দিকে লক্ষ্য রাখতে হবে।

সোমবার দুপুরে বিশ্ব ইজতেমা ২০২৩ এর সার্বিক নিরাপত্তা নিয়ে সমন্বয়সভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

টঙ্গীতে আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি প্রথম পর্ব এবং মাঝখানে চারদিন বিরতি দিয়ে ২০, ২১ ও ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, প্যানেল মেয়র আবদুল আলীম, তাবলীগ জামাতের যোবায়ের পন্থী মেজবাহ উদ্দিন, মুফতি আমান উল্লাহ, মাহফুজ হান্নান, মোহাম্মদ সেলিম এবং সাদ পন্থীদের মধ্যে ছিলেন, আবদুস সালাম, মো. মহিবুল্লাহ, মাওলানা আবদুল্লাহ মনসুর, রেজাউল করিম, হাজী মনির, টঙ্গী পূর্ব পশ্চিম থানা পুলিশের ওসি আশরাফুল ইসলাম ও শাহ আলম ছিলেন।

গাজীপুরের জেলা প্রশাসন, সেনা ও র‌্যাব কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, মহাসড়ক পুলিশ, গাজীপুর সিভিল সার্জন, গাজীপুর সিটি করপোরেশন, ডেসকো, তিতাস গ্যাস, ওয়াসা, বিআরটি, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে তাদের মতামত এবং পরামর্শ উপস্থাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ও ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমায় বিশুদ্ধ পানি, টিনের ব্যবস্থা করা ছাড়াও পাকা শৌচাগার ভবন নির্মাণ করে দিয়েছেন। আগে মুসল্লিরা চটের বেড়া দিয়ে নির্মাণ করা কাঁচা ও অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করতেন। এতে মুসল্লিরা ডায়রিয়াসহ নানা পেটের পীড়ায় আক্রান্ত হতেন। এ থেকে পরিত্রাণ পেতে মাননীয় প্রধানমন্ত্রী ৩১টি পাকা বহুতল বিশিষ্ট শৌচাগার ভবন ও পাকা গোসলখানা তৈরি করে দেন। বিশ্ব ইজতেমাস্থলে বিশুদ্ধ পানির জন্য ১৩টি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন। তবে সবচে বড় সমস্যা হলো, টঙ্গীতে বিশ্ব ইজতেমা চলাকালে টঙ্গীর আশপাশে গভীর নলকূপের পানি ইজতেমা মাঠে চলে আসতো। ওই কয়দিন টঙ্গীর লাখ লাখ মানুষ পানি সংকটে ভুগতেন, কষ্ট করতেন। মাননীয় প্রধানমন্ত্রী কত দূর দৃষ্টিসম্পন্ন মানুষ! এ পানি সংকটের জন্য তিনি শুধু ইজতেমার মাঠের জন্য নয়, টঙ্গী এলাকার প্রতিটি ওয়ার্ডে ২০টি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন। এখানকার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ ও সংস্কার এবং ইজতেমা ময়দান তৈরি করতে মাটি/বালি ভরাট করে দিয়েছেন। এ ইজতেমাকে উপলক্ষ করে আমরা টঙ্গীবাসী অনেক উপকৃত হয়েছি।

Image

বিশ্ব ইজতেমা ২০২৩ এর সার্বিক নিরাপত্তা নিয়ে সমন্বয়সভা শেষে জিএমপির ব্রিফিং।

এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও তাকে ধন্যবাদ জানান।

তিনি প্রস্তুতি কাজের অগ্রগতি নিয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

প্রধান অতিথি আ ক ম মোজাম্মেল হক বলেন, ডিএমপি, আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভাগীয় কমিশনারের দপ্তরসহ গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবই নিতে হবে।

তুরাগ নদীতে মুসল্লি পারপারের জন্য সেনা বাহিনী যে পাঁচটি পল্টুন ব্রিজ করার প্রস্তাব দিয়েছে, তার পরিবর্তে ইজতেমার মুরুব্বীদের চাহিদা অনুযায়ী আটটি পল্টুন ব্রিজ নির্মাণ করে দিতে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন মন্ত্রী।

তিনি বলেন, সেনাবাহিনীর সে সক্ষমতা আছে।

ইজতেমার দুই পর্বে ছয়দিন পাশের মহাসড়কে রিকশা এবং মোনাজাতের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত বাস-ট্রাকসহ সাধারণ যানবাহন চলাচল বন্ধ রাখার প্রস্তাব দিয়ে তিনি বলেন, তবে এ সময় শাখা সড়কে বিকল্প রাস্তায় এসব যানবাহন চলাচলের ব্যবস্থা করতে হবে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা সবাই জানি, ইজতেমার এ জায়গাটি আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা দিয়েছেন। কিন্তু ওয়েবসাইটে গেলে নাকি খালেদা জিয়ার নাম দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

তিনি বিশ্ব ইজতেমায় আসা বিদেশি মুসল্লিদের ভিসা সহজ করার পদক্ষেপ নিতে বলেন।

বিশ্ব ইজতেমার মুরুব্বী মাহফুজুর রহমান বলেন, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মুসল্লিদের জন্য বিশ্ব ইজতেমায় যোগ দিতে ভিসা পেতে সমস্যা হচ্ছে। এটি সহজ ও অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করতে হবে। টঙ্গী ব্রিজের পশ্চিমে দখলদার উচ্ছেদ, ঢাকা অংশে ইজতেমার মাঠে কাঁচা বাজার উচ্ছেদ, ক্যান্সার হাসপাতাল ও আইউবিএটি-এর মাঝ দিয়ে রাস্তার পূর্ব দিকের ব্যারিকেড সরাতে হবে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, নিরাপত্তার স্বার্থে জেলার মুসল্লিদের জন্য নির্ধারিত থাকা পার্কিং জোনে নিরাপত্তা বাহিনী দিতে হবে।

টঙ্গী ও আশপাশের আবাসিক হোটেলে নিবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে হবে। বাসা-বাড়ির ছাদের উপর ও পেট্রোল ডিউটির দূরবীন বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন জানান, স্বাস্য সেবা নিশ্চিত করতে ঢাকা থেকে এ হাসপাতালে বিশেষজ্ঞ টিম কাজ করবে। রোগী পরিবহনের জন্য সার্বক্ষণিক ১৪টি অ্যাম্বুলেন্স থাকবে।

জিএমপি কমিশনার বলেন, ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে ৭ হাজার পুলিশ মোতায়েন থাকবে। সিসি টিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও রুফটপ থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া স্পেশালাইডজ টিমসহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। অগ্নিনির্বাপনের জন্য প্রতি খিত্তায় এবার দুটি করে অগ্নিনির্বাপন যন্ত্র রাখা হবে। তুরাগে নৌ টহলও থাকবে।

এ সময় দুই পর্বের ইজতেমার আয়োজকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইজতেমা আয়োজনে কোনো বিশৃঙ্খলা হবে না বলেও আশ্বস্ত করেন কমিশনার।

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ জানান, তাদের পক্ষ থেকে ইজতেমাস্থলে, কন্ট্রোল রুম, পর্যবেক্ষণ টাওয়ারসহ যখন যা করার প্রয়োজন সবকিছুই করে দেওয়া হবে।