Published : 05 Apr 2026, 09:27 PM
গাজীপুর কোনাবাড়ী ফ্লাইওভারে রড বোঝাই ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
রোববার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই ফ্লাইওভারে দুর্ঘটনায় তাকওয়া পরিবহনের মিনিবাসটির যাত্রীরা হতাহতের শিকার হন বলে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোনাবাড়ি জোন) আবু নাসের আল আমিন জানান।
নিহতরা হলেন- কোনাবাড়ীর কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম এবং ওই এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে মাওলানা আলিমুদ্দিন রুহানি (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবু বক্করের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) এবং রাজশাহীর শিমুল নাহার (৩৬)।
পুলিশ জানায়, চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রড বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। বাসটির সামনের কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান আরেকজন। আহত চার যাত্রীর মধ্যে দুজনকে কোনাবাড়ি পপুলার হাসপাতালে এবং দুজনকে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন বলে জানান কোনাবাড়ী থানার এসআই আব্দুল হামিদ।