চাঁদপুরে নির্বাচনি আমেজ, দলীয় মনোনয়ন পেয়ে মাঠে বিএনপির প্রার্থীরা
দীর্ঘ দিন পর ভোটে পছন্দের প্রার্থীকে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে শুরু হয়েছে নির্বাচনি আমেজ।
দীর্ঘ দিন পর ভোটে পছন্দের প্রার্থীকে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। নিজ নিজ এলাকায় নতুন করে প্রচারে নেমেছেন প্রার্থীরা। প্রার্থীরাও নানা কর্মসূচির মাধ্যমে চষে বেড়াচ্ছেন মাঠে-ময়দানে।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার বিকালে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কচুয়া উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-১ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নিজ উপজেলার উজানি মাদ্রাসায় মরহুম ক্বারী ইব্রাহীম (র.) এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন তিনি।
মিলন বলেন, “কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।”
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়ন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। মঙ্গলবার মতলবে আসার পর নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান জালাল উদ্দিন।
সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বুধবার দুপুরে বাবার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন তিনি। প্রার্থিতা ঘোষণার আগ থেকেই নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে আসছেন শেখ ফরিদ।
নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, “আল্লাহর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ মনোনয়ন আপনাদের। এই মনোনয়ন মানিকের নয়, এই মনোনয়ন চাঁদপুরবাসীর।
“জিয়াউর রহমানের আদর্শকে আমাদের ধারণ ও লালন করতে হবে। হাইমচর বাদ দিয়ে সদর ও পৌরসভায় চার লাখ ১৫ হাজার ভোটার রয়েছে। জয় পরাজয় আপনাদের হাতে। আজ থেকে চূড়ান্ত প্রচার শুরু।”
ফরিদগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৪ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। বুধবার দুপুরে ঢাকা থেকে নির্বাচনি এলাকায় যান তিনি। নিজ এলাকার বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য দেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান হারুনুর রশিদ।
শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাহিরে আছেন। তবে সোমবার বিএনপি থেকে প্রার্থিতা ঘোষণার পর থেকে মমিনুলের অনুসারী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
এদিকে কয়েকমাস আগেই জেলার পাঁচটি আসন থেকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। এ দুই দলের প্রার্থীরাও মাঠ পর্যায়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তবে বিএনপি থেকে প্রার্থী ঘোষণার পর পুরো জেলাজুড়ে নির্বাচনি আমেজ শুরু হয়েছে।
