খুলনায় র্যাবের গাড়ি থেকে দুই আসামি ছিনতাই, ফের গ্রেপ্তার
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় ওই আসামিদের আবার গ্রেপ্তার করা হয়েছে।
খুলনার দাকোপ উপজেলায় র্যাবের গাড়ি থেকে দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে একদল ব্যক্তি। কয়েক ঘণ্টা পর যৌথ অভিযানে তাদের আবার গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চালনা আছাবুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনিসুজ্জামান জানান।
পুলিশ জানায়, উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরে প্রায় ৪০ বিঘা জমির একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ ফকির এবং উপজেলা বিএনপি নেতা বাচ্চু ফকিরের মধ্যে বিরোধ চলে আসছে।
শুক্রবার রাতে ওই ঘেরে মাছ ধরার সময় বাচ্চু ফকিরের সমর্থক ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
তবে বাচ্চু ফকির সাংবাদিকদের কাছে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে আব্দুল্লাহ ফকিরের বাবা আকরাম আলী ফকির বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
শনিবার সকালে র্যাব-৬-এর একটি দল ওই মামলার এজাহারভুক্ত দুই আসামি মুকুন্দ মণ্ডল ও রসুল গাজীকে আটক করে। তাদের নিয়ে যাওয়ার সময় চালনা এলাকায় বিক্ষুব্ধ জনতা র্যাবের গাড়ি ঘেরাও করে এবং দুই আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেয়।
দাকোপ থানার ওসি শেখ খায়রুল বাশার বলেন, “পরে যৌথ অভিযানে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনিসুজ্জামান বলেন, “র্যাব এই অভিযানে স্থানীয় থানা পুলিশকে না জানিয়ে এবং পুলিশের কোনো সহযোগিতা না নিয়ে এলাকাবাসীর মানববন্ধন থেকে দুজনকে আটক করলে এ ঘটনার সূত্রপাত হয়।”
তিনি বলেন, “পরে দাকোপ থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে র্যাব সদস্যদের নিরাপদে থানায় নিয়ে আসেন।”
এ ব্যাপারে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, “আমরা পুলিশকে সহযোগিতা করতে জেলা ও থানা পুলিশকে অবহিত করেই ওখানে গিয়েছি। দুজন আসামিকে ধরার পর ‘মব’ করে আসামি ছিনিয়ে নেওয়া হয়।
“এ সময় আমাদের একটি গাড়িও ভাঙচুর করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় ওই আসামিদের আবার গ্রেপ্তার করা হয়েছে।”
ঘটনার পর দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খান ও চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন বলেন, বিতর্কিত একটি মাছের ঘেরের জমি মূলত ভূমিহীনদের বন্দোবস্ত করা। কিন্তু একটি পক্ষ তা ভোগদখল করে আসছে। র্যাব অন্যায়ভাবে মিছিল থেকে লোক তুলে নেওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তবে আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়ে তারা কিছু জানেন না বলে দাবি করেন।
