গোপালগঞ্জে সহিংসতা: কারফিউর মধ্যে আটক ৪৫
শুক্রবার বেলা ১১টা থেকে তিন ঘণ্টার জন্য শিথিল করা হয়। পরে বেলা ২টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ফের শুরু হয়েছে।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায়-দফায় সংঘর্ষ ও সংহিসতার ঘটনায় চলমান কারফিউর মধ্যে ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
আটকদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান।
এদিকে বুধবারের সংঘাতের পর গোপালগঞ্জে জারি করা কারফিউ শুক্রবার বেলা ১১টা থেকে তিন ঘণ্টার জন্য শিথিল করা হয়। পরে বেলা ২টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ফের শুরু হয়েছে।
কারফিউ শিথিল হলে গোপালগঞ্জ শহরে কিছুটা প্রাণের সঞ্চার হয়। বেড়ে যায় যানবাহন চলাচল ও লোকজনের উপস্থিতি। গোপালগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত লঞ্চ ঘাট সংলগ্ন রাস্তায় প্রচুর ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা ও টেম্পু (মাহিন্দ্র) চলতে দেখা যায়। প্রাইভেট কার ও মোটরসাইকেলেও জরুরি দরকারে বিভিন্ন গন্তব্যে ছুটেছেন মানুষ।
এ সময় মূল সড়কের পাশের ও গলির ভেতর বেশ কিছু দোকানপাট খুলেছে, চলেছে বেচাকেনা। তবে মার্কেটগুলি বন্ধ রয়েছে। বাজারের বেশিরভাগ দোকান খোলেনি।
দুদিন ধরে কারফিউ পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ফল-সবজির মতো কাঁচা পণ্যের ব্যবসায়ীরা পড়েছেন মহাবিপাকে। দোকান বন্ধ থাকায় তাদের পণ্য পচে যাচ্ছে।
শহরের বড় বাজারের ফল ব্যবসায়ী রতন সাহা বলেন, “কারফিউয়ে দোকান খুলতে না পারায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। তিন দিনে প্রায় ৩০ হাজার টাকার ফল পচে গেছে। আজ তিন ঘণ্টার জন্য দোকান খুলেছি। কিন্তু এই সময়ে আর কতটুকু বিক্রি করা যায়। বাকি ফলগুলোও পচে যাবে। আমরা চাই, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক।”
শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতার সঙ্গে টহল ও অবস্থান করতে দেখা গেছে।
ফের কারফিউ শুরুর পর দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে যানচলাচলও কমে যায়। শহরের অলিতে-গলিতে মানুষের চলাচলও সীমিত হয়ে আসে।
এর আগে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ কর্মসূচিতে দফায় দফায় হামলার পর পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে পুরো শহরে সংঘাত ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের মধ্যে চারজন নিহত এবং অন্তত নয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হন।
নিহতরা হলেন- শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কোটালিপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৭), শহরের শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন।
পরে বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় রমজান মুন্সি (৩৫) নামে এক রিকশাচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়।
