২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে চরমোনাই মাহফিল থেকে চুরি হওয়া ৬৪ মোবাইলসহ আটক ৫

মোবাইল উদ্ধারের খবর পাওয়ায় এর মধ্যে শতাধিক লোক থানায় জড়ো হয়েছেন।

বরিশালে চরমোনাই মাহফিল থেকে চুরি হওয়া ৬৪ মোবাইলসহ আটক ৫
বরিশালেএকটি আবাসিক হোটেল থেকে ৬৪টি মোবাইলসহ ‘চোরাই চক্রের’ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ২৪

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 07:52 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

বরিশালে চরমোনাই মাহফিল থেকে চুরি করা ৬৪টি মোবাইলসহ ‘চোরাই চক্রের’ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার নগরীর একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

আটকরা হলেন- পটুয়খালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা নাজমুল হাসান আনোয়ার (৩২), বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া এলাকার ওমর ফারুক (৩৬), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মুকরিম পুর এলাকার মো. ওমর (৩০), নওগাঁ জেলার সাপাহার থানাধীন মাইপুর এলাকার আসাদুজ্জামান (২৮) ও গোপালগঞ্জের সদর থানাধীন কাজলিয়া এলাকার মো. বরকত (৩০)। 

ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফলপট্টি এলাকার আবাসিক হোটেল চন্দ্রদ্বীপে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে ৬৪টি মোবাইল সেটসহ পাঁচ জনকে আটক করা হয়। 

“উদ্ধার হওয়া মোবাইলের সিংহভাগ চরমোনাই মাহফিলে আসা মানুষদের বলে আটকরা স্বীকার করেছেন। এ মাহফিলে চুরি করার জন্য এসে হোটেল চন্দ্রদ্বীপের দুটি কক্ষ ভাড়া নেয় তারা। সেখানে অবস্থান করে মাহফিলে চুরি করে।

ওসি আরও বলেন, “আটকরা একটি চোরাই চক্রের সদস্য। এ চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে গণজমায়েতের স্থানে গিয়ে মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে।”

এছাড়া একই ধরণের চক্রের আরো বেশ কয়েকজন এখনো মাহফিলে সক্রিয় আছে বলেও জানান আটকরা। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অন্যদের আটকে কাজ চলছে। ”

বরিশাল সদর উপজেলায় চরমোনাইয়ের এ মাহফিল শুরু হয়েছে বুধবার, চলবে শনিবার সকাল পর্যন্ত।

কোতয়ালী মডেল থানার থানার এসআই ইব্রাহিম খলিল জানান, মাহফিল শুরুর পর থেকে মোবাইল চুরির বিষয়ে থানায় বেশ কিছু সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া মোবাইল উদ্ধারের খবর পাওয়ায় এর মধ্যে শতাধিক লোক থানায় জড়ো হয়েছেন। 

অন্যদিকে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওনি।