২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলেসহ দুইজন।

রাজশাহীতে সংঘর্ষে বিএনপি নেতা নিহত
নিহত জয়নাল আবেদীন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 10:44 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

এ সময় পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধুরইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মামুন অর রশিদ।

নিহত জয়নাল আবেদীন (৪২) উপজেলার ধুরইল ইউনিয়নের একটি ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক এবং কলেজপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

আহত জয়নাল আবেদীনের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে মনিরুল ইসলাম (১৪) এবং ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানকে (৪০) মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। 

ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিএনপি নেতা জয়নাল আবেদীন নিহত হন। এ সময় পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল থেকে জয়নাল আবেদীনের লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

এদিকে রোববার মোহনপুর থানায় অগ্নিসংযোগের পর থেকে সেখানে কোনো পুলিশ সদস্য না থাকায় ঘটনা সম্পর্কে কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপি নেতা মামুন অর রশিদের অভিযোগ, “সংঘর্ষের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়নালকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। তাকে বাঁচাতে গিয়ে তার ছেলেসহ আরও কয়েকজন আহত হয়েছেন।”