‘প্রার্থী বদলাবে’ আশায় সিরাজগঞ্জের দুই বিএনপি নেতা
বিএনপির মহাসচিব স্বাক্ষরিত চিঠি এরই মধ্যে প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন; যার মাধ্যমে ধানের শীষ প্রতীক নেবেন প্রতিদ্বন্দ্বিতাকারীরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি এরই মধ্যে প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন; যা দাখিল করে ধানের শীষ প্রতীক নেবেন প্রতিদ্বন্দ্বিতাকারীরা। কিন্তু তারপরেও সিরাজগঞ্জের দুই নেতা আশা করছেন, দল প্রার্থী পরিবর্তন করবে।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন আজাদ দলের নামেই সিরাজগঞ্জ-৪ আসনে এবং জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র ভাবে মনোনয়নপত্র তুলেছেন।
তারা মনোনয়ন চেয়ে বঞ্চিত হওয়ার পর থেকে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার ও গণসংযোগ চালিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনে রাজশাহী বিভাগীয় সহসাংঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বিএনপি প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন আজাদ বলেন, “আমি বিশ্বাস করি, দলের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে মনোনয়ন চূড়ান্ত করবেন। তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।”
অপরদিকে তাঁতীদল নেতা গোলাম মওলা খান বাবলু বলেন, “আমি তথ্য পেয়েছি, এ আসনে দলের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে আগের কিছু বিষয় আছে। যে কারণে তার মনোনয়ন বাতিলও হতে পারে। যেমন মনোনয়ন পেয়েও মাহমুদুর রহমান মান্না নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দেখি কী হয়, পরবর্তীতে চুড়ান্ত সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, “আমার চাচা (শহীদুল্লাহ খান) এ আসনের একাধিকবার সংসদ সদস্য ছিলেন, বাবা (কোরাইশ খান) চেয়ারম্যান ছিলেন। আমরা মনে করি, রাজনীতি মানে টাকা কামাই না, জনগণকে ভালবাসা। আমরা তা শিখেছি এবং সেটাই করতে চাই। অতীতে এ আসনে মনোনয়ন চেয়েও পাইনি, এবারও বঞ্চিত হয়েছি।”
এদিকে, সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের সম্প্রতি দলত্যাগ করে এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি দলের পক্ষে প্রার্থী হয়েছেন। তার সঙ্গে বিএনপি ও গণঅধিকার পরিষদ ত্যাগ করে শীর্ষ পর্যায়ের প্রায় দুই ডজন নেতাও এনসিপিতে যোগ দিয়েছেন।
এদিকে, প্রার্থীদের চূড়ান্ত চিঠি প্রদানের আগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আরো দুটি আসনে তিনজন বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদের মধ্যে জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম সমন্বয়ক গোলাম সরোয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সহসভাপতি শফিকুল ইসলাম ছালাম সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
এ বিষয়ে জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, বুধবার পর্যন্ত জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা ৪২টি মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
দলের নাম ব্যবহার করে একই আসনে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, “একাধিক মনোনয়ন উত্তোলনে কোনো বাধা নেই। তবে দল থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে চিঠি দেবে, আমরা তাকেই প্রতীক বরাদ্দ দেব। এক্ষেত্রে বাকিদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।”
