চোখে টর্চের আলো ফেলা নিয়ে কথা-কাটাকাটি, একজনকে পিটিয়ে হত্যা
মাগুরায় এ ঘটনার পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সদর উপজেলায় মোটরসাইকেল চালকের চোখে টর্চের আলো ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।
মৃত্যুর সংবাদ এলাকায় ছড়ালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এর আগে সোমবার রাতে উপজেলা মঘি ইউনিয়ন দাসনা গ্রামের মধ্যপাড়ায় একটি চায়ের দোকানে সামনে ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয় বলে জানান তিনি।
নিহত আইয়ুব বিশ্বাস (৫০) ওই গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা ফরিদ হোসেন বলেন, রাত ৮টার দিকে দাসনা গ্রামের সাহেব আলী বিশ্বাস ও তার বড় ভাই আইয়ুব বিশ্বাস মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি চায়ের দোকান থেকে শাকিল মোল্যা নামের এক যুবক আইয়ুব বিশ্বাস ও সাহেব আলীর চোখে টর্চের আলো ফেলেন।
এ নিয়ে শাকিল মোল্যার সঙ্গে দুই ভাইয়ের কথা-কাটিকাটি হয়। এ সময় শাকিল মোল্যা ও তার লোকজন আইয়ুব বিশ্বাস ও তার ভাইকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।
অবস্থার অবনতি হলে সকালে আইয়ুব বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
ওসি আইয়ুব আলী বলেন, স্থানীয় সামাজিক অধিপত্যসহ নানা বিষয় নিয়ে দাসনা গ্রামের মোল্যা ও বিশ্বাস গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে চোখ টর্চের আলো ফেলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আইয়ুব বিশ্বাস ও সাহেব আলী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব বিশ্বাসের মৃত্যু হয়।
পরবর্তীতে সংঘাত এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ বিষয়ে শাকিল মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টার করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
