নড়াইলে দুপক্ষের সংঘর্ষ-বাড়ি ভাঙচুর, আহত ১৫
আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন লোহাগড়া থানার তদন্ত কর্মকর্তা অজিত কুমার রায়।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সী আর মোল্যা নামের দুটি পক্ষের বিরোধ চলছিল। এর জের ধরে রাতে মুন্সীর পক্ষের বর্তমান ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও ওমর ফারুকের সঙ্গে মোল্যা পক্ষের সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় মুন্সী পক্ষের লোকজনের আট-নয়টি বাড়ি ভাঙচুর করা হয়। আহত হয় উভয় পক্ষের ১৫ জন। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজিত আরও বলেন, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
