২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পঞ্চগড় সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত দিল বিএসএফ

একদিন আগে ওই কিশোর ভুল করে সীমান্ত রেখা পার হয়ে ভারতে প্রবেশ করলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 10:48 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

পঞ্চগড় সদর উপজেলা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি এক কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর ওই কিশোরকে ফেরত পাওয়া যায় বলে জানান বিজিবির টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।

ফেরত আসা আবু রায়হান ইসলাম ওরফে ওয়াশিম (১৫) উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকার রেজাউল করীমের ছেলে। সে দিনাজপুরের একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র।

সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এর জিরো লাইনে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ৪৬ ব্যাটালিয়নের ভাটপাড়া কোম্পানি কমান্ড্যান্ট সুখদেব সিং এবং বিজিবির পক্ষে পঞ্চগড়ের ভিতরগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার দারাজ উদ্দিন নেতৃত্ব দেন।

পরিবার ও স্থানীয়রা জানান, ওয়াশিম ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। সীমান্ত এলাকায় বাড়ি হওয়ায় বুধবার বিকালে সে নিজেদের জমি দেখতে যায়। এ সময় ওয়াশিম সীমান্তের ভারতীয় অংশে বাগানের গাছ কাটা দেখতে গিয়ে ভুল করে সীমান্ত রেখা পার হন।

বিএসএফ দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও ওয়াশিমকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, “ওয়াশিম ভুল করে অন্য দেশে প্রবেশ করায় তাকে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। আমরা চাই আর কেউ যেন ভুল করে বা ইচ্ছা করে অবৈধভাবে ভারতে না যায়।”

বিজিবির টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই কিশোরকে ফেরত দেওয়া হয়। তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, আটক কিশোরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে।

বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ