২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেলের জমি নিয়ে বিরোধ’, দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

‘রেলের জমি নিয়ে বিরোধ’, দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 06:10 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রেলওয়ের পুকুরের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে এক বৃদ্ধের বাম হাতের কব্জির বিচ্ছিন্ন হয়েছে।

রোববার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়নের আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলাউদ্দিন।

আহতদের মধ্যে ওই গ্রামের আমিনুল ইসলাম (৩৫) ও তার বাবা ইছাম উদ্দিনকে (৬৫) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

প্রতিপক্ষের আহতরা হলেন- একই গ্রামের ইদ্রিস মোল্লা (৬৫), তার ছেলে মেহেদী হাসান মোল্লা (৩৬) ও তাদের আত্মীয় হুমায়ুন মিয়া (৭৫)। তাদেরকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনবার্সনে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে ইদ্রিসের বাম হাতের কব্জি আলাদা হয়ে গেছে, তার ছেলে মেহেদীর ডান হাতের কব্জির উপর থেকে নিচ পর্যন্ত মাংস এবং হুমায়ুনের বাম হাতের তিন আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁনপুর গ্রামে একটি পুকুরের জায়গার মালিকানা ও দখল নিয়ে ইদ্রিস মোল্লার সঙ্গে একই গ্রামের ইছাম উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে ইছাম উদ্দিন পুকুরের জায়গাটি রেলওয়ে থেকে ইজারা নিয়ে দখলে নেন। তবে ইদ্রিস মোল্লা ও তার পক্ষের লোকজন পুকুরটির মালিকানা দাবি করে আসছিলেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। 

গত এপ্রিলে ওই পুকুর ভরাটের করায় ভ্রাম্যমাণ আদালত ইছাম উদ্দিনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিল বলে জানা গেছে।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজ মিয়া বলেন, “পরিষদের সভা চলছি। বাজারে সংঘর্ষের ঘটনা শুনে গিয়ে দেখি ইদ্রিস মোল্লার হাত তার ছেলে মেহেদীর হাতে। ছেলের ডান হাতের কনুই পর্যন্ত মাংস পৃথক হয়ে গেছে এবং আরেকজনের তিন আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে।”

তিনি বলেন, রেললাইনের পাশে একটি পুকুরসহ খাস ও ব্যক্তি মালিকানার জায়গা রয়েছে। ইদ্রিস মোল্লা পুকুরের জায়গার মালিকা দাবি করে আসছেন। তবে ইছাম উদ্দিনের দাবি, পুকুরের জায়গা রেলওয়ে থেকে ইজারা নিয়েছেন তারা। 

পুলিশ পরিদর্শক আলাউদ্দিন বলেন, রেলওয়ের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতাল এবং ঢাকায় পাঠানো হয়েছে। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।