বরিশালে পুকুরে ডুবে ২ কলেজ ছাত্রের মৃত্যু
মুলাদী ও গৌরনদী উপজেলায় এ দুটি ঘটনা ঘটে বলে জানা গেছে।
বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলায় পুকুরে গোসলে নেমে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ দুটি ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেরার বাসিন্দা নারায়ণ মণ্ডলের ছেলে এবং ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র অর্পন মণ্ডল এবং গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র ছেলে ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ফাহিম বিন ফিরোজ রাতুল (২০)।
মুলাদী থানার ওসি জহিরুল ইসলাম পরিবারের বরাতে বলেন, পূজার ছুটিতে চরকালেখান গ্রামের বাসিন্দা নানা পরেশ মণ্ডলের বাড়িতে বেড়াতে এসেছিলেন অর্পন। দুপুর ১২টার দিকে অর্পন কয়েকজনের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে ডাক-চিৎকার শুরু করে অন্যরা। তখন বাড়ির লোকজন এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, অর্পন সাঁতার জানত না বলে পরিবার দাবি করেছে। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অপরদিকে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বিকালে রাতুল ও তার বন্ধু গৌরনদী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নামে। রাতুল দুইবার সাঁতরে পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। তৃতীয়বার যাওয়ার সময় ঘাট থেকে একটু দুরে গিয়ে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে পুকুর থেকে রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
