Published : 14 Jul 2026, 07:28 PM
জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপির জুলাই সমাবেশে তিনি বলেন, “এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে ডুবিয়ে ডুবিয়ে পরীক্ষা দিতে আপনি বাধ্য করেছেন।”
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে দুইটা সৃজনশীল ভুল দিয়েছেন। ভুল প্রশ্নে কেউ যখন উত্তর মেলাতে পারেন না, তখন একটা পরীক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হয় আপনি চিন্তা করেন। আপনারা একটা দুঃখ প্রকাশ করারও প্রয়োজনবোধ করলেন না।”
শিক্ষামন্ত্রীকে ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, “২০২৬ সালের শিক্ষার্থীরা আপনাদের বুঝিয়ে দিচ্ছে, ওই স্ট্যান্টবাজি আর বাংলাদেশে চলবে না।”
শিক্ষার্থীরা গিনিপিগ নয়- বলে হাসনাত বলেন, “শিক্ষার্থীদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর নতুন নতুন জিনিস শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেন। এক্সপেরিমেন্ট ফেল করলে তা আবার তুলে দেন। কারণ আপনাদের সন্তানদের তো দেশে না, বিদেশে লেখাপড়া করান। পরের সন্তানদের নিয়ে রাজনীতি করবেন, এক্সপেরিমেন্ট করবেন, এই বাংলাদেশে আর তা হতে দেবে না।”
তিনি বলেন, “আপনারা এই শিক্ষার্থীদের মাদকাসক্ত বলছেন। শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রীত্ব করছেন।”
এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণের অনুরোধ জানিয়ে হাসনাত বলেন, “নাহলে এ শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, তাহলে আপনার পাটাতন যে শক্ত না তা এই অর্ধবেলার আন্দোলনে তা বোঝা গেছে।”