২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় স্ত্রীর গলা কাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

“স্বপন নিয়মিত কাজ না করায় এ নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব ও ঝগড়াঝাটি হতো।”

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 11:08 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

বরগুনার সদর উপজেলায় ঘরের ভেতর থেকে এক নারীর গলা কাটা এবং তার স্বামীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রাম থেকে রোববার সকালে ওই দম্পতির লাশ উদ্ধারের খবর জানান বরগুনা সদর থানার ওসি (তদন্ত) ইউনুচ ফরাজী।

পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন- একই গ্রামের খালেক মোল্লার ছেলে দিনমজুর ৩২ বছর বয়সী স্বপন মোল্লা এবং তার স্ত্রী ২৭ বছর বয়সী দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আব্বাস মৃধার মেয়ে আকলিমা।

তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ে ছয় বছর বয়সী সাদিয়া এবং ছোট মেয়ে এক বছর বয়সী আফসানা। 

নিহত স্বপনের চাচাত বোন রাজিয়া বেগম বলেন, “ভোরে ওজু করার সময় সাদিয়া দৌড়ে এসে বলে, আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলে না। আব্বাকেও দেখি না। আমি ঘরে গিয়ে দেখি আকলিমার গলা কাটা রক্তমাখা লাশ মেঝেতে পড়ে আছে।

“এ সময় স্বপনকে খুঁজতে গিয়ে দেখি তার বিছানার ওপর মোবাইল পড়ে আছে। পরে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো তার মরদেহ ঝুলছে।” 

স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, “আমার ভাইয়ের কোনো শত্রু নেই। তবে স্বপন নিয়মিত কাজ না করায় এ নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব ও ঝগড়াঝাঁটি হতো।

আকলিমার বাবা আব্বাস মৃধা বলেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।

একই ধারণার কথা জানিয়ে ওসি ইউনুচ ফরাজী বলেন, “এখন পর্যন্ত ঘটনা স্বাভাবিক মনে হচ্ছে। স্ত্রীকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে স্বামী নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।

“আমাদের সিআইডি টিম এসেছে। আরও তদন্ত করে ময়নাতদন্ত শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, রোববার রাতের কোনো এক সময় এ ঘটনাটি ঘটেছে। হত্যাকাণ্ডের বর্তমানে জায়গাটি ‘ক্রাইম সিন’ ফিতা দিয়ে আটকে রেখে তদন্ত কার্যক্রম চলছে।