Published : 16 Apr 2026, 04:12 PM
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে আটকা পড়া একটি কাতল মাছ ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে। মাছটির ওজন ছিল ২৫ কেজি ৫’শ গ্রাম।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে সুব্রত হলদারের জালে মাছটি ধরা পরে বলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান।
সুব্রত বলেন, “ভোরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলা হয়। সেখানে আশানুরূপ মাছ না পেয়ে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলা হয়।
“পরে সেখান থেকে জাল ওঠানোর সময় দেখা যায়, বড় একটি কাতল মাছ আটকে রয়েছে। মাছটিতে দৌলতদিয়ার আড়ৎদার রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে ওজন দিয়ে দেখা যায় ২৫ কেজি ৫’শ গ্রাম।”
সে সময় উম্মক্ত নিলামে ১ হাজার ৮ শত টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি স্থানীয় মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা কিনে নেন বলে জানান সুব্রত।
মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা বলেন, “নিলামের মাধ্যমে মাছটি কিনে কেজি প্রতি একশত টাকা লাভে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকায় বিক্রি করা হয়েছে।”