নির্বাচনি সমাবেশ: ফরিদপুরে আসছেন তারেক রহমান, প্রত্যাশা অনেক
ফরিদপুর ছাড়াও জনসভায় রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরের নেতাকর্মীরা যোগ দেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবার ফরিদপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তিনি।
তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। দলীয় প্রধানের প্রথমবার ফরিদপুরে আগমন উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। তবে বিএনপি চেয়ারম্যানের বক্তব্যে এলাকার উন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের।
জেলা বিএনপি জানিয়েছে, আগামীকাল বরিশালের সমাবেশ শেষে দুপুর পৌনে ২টায় হেলিকপ্টারে ফরিদপুর শহরের নদী গবেষণা ইনস্টিটিউট মাঠে অবতরণ করবেন তারেক রহমান। এরপর সেখান থেকে গাড়িতে করে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।
এ সভায় বৃহত্তর ফরিদপুরের ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরের নেতাকর্মীরা যোগ দেবেন। এতে দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সমাবেশ ঘিরে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবেন। এ ছাড়া নিজস্ব দুই শতাধিক স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।
মঙ্গলবার বিকালে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মাঠের অ্যাকাডেমিক ভবনের সামনের অংশে জোরেশোরে মঞ্চ তৈরির কাজ চলছে। এ ছাড়া মাঠজুড়ে সাউন্ড সিস্টেম, মাইক ও সাউন্ড বক্স বসানোর কাজ চলছে। এ সময় সেখানে ফরিদপুর বিভাগীয় বিএনপির নেতাকর্মীসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের দেখা গেছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে ফরিদপুরে সাজসাজ রব বইতে শুরু করেছে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা যাচ্ছে। এখানে সর্ববৃহৎ সমাগম হবে।
সমাবেশ সফল করার জন্য জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রাতের মধ্যে আধুনিকায়নভাবে মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। জনসভা ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছেন।
এ ছাড়া সমাবেশস্থলে সিএসএফ বাহিনী নিজস্ব নিরাপত্তা বলয়ে থাকবে বলে জানিয়েছেন এ বিএনপি নেতা।
এদিকে তারেক রহমানের আগমন ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন নেতাকর্মী ও এলাকাবাসী। ফরিদপুর বিভাগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন বাস্তবায়ন অন্যতম দাবি তাদের।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, “বিগত দিনে ফরিদপুরে উন্নয়নের কথা বলে ফাঁকা বুলি ছড়ানো হয়। তাই তারেক রহমানের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে।
“তার কাছে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবি রয়েছে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য শিল্পাঞ্চল করার প্রত্যাশা রয়েছে। এসব বিষয় আমরা জনসভায় উপস্থাপন করব।”
জনসভার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় এদিন বেলা ১১টা থেকে ধাপে ধাপে মাঠ পরিদর্শন করছেন আইনশৃঙ্খলা বাহিনী। ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “আমরা জেনেছি নির্বাচনকে কেন্দ্র করে এ জনসভায় বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ অংশগ্রহণ করবেন।
“কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে। আশা করি, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবেন।”
