দুর্নীতি নির্মূল সম্ভব নয়, কমানো যাবে: দুদক চেয়ারম্যান
জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি নির্মূল হবে না, তবে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
তিনি বলেছেন, “দুর্নীতি পুরোপুরি নির্মূল হবে না, তবে কমিয়ে আনা সম্ভব। আমরা যদি পারস্পরিক আন্তরিক হই, তবে দুর্নীতি কমে আসবে।”
জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন-দুদকের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সোমবার অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
এ সময় গণশুনানিতে আসা অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন চেয়ারম্যান।
তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন- এর পেছনের মূল কারণ দুর্নীতি। আমাদের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। এমনকি আমার সম্পর্কেও খোঁজখবর নিতে পারেন।”
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে গণশুনানিতে আরও বক্তব্য দেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী।
