কুড়িগ্রামে কমছে নদ-নদীর পানি, ভাঙন আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ
ভাঙনের ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার।
উজানের ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রাম জেলার ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধির পর এবার কমতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলে কিছুটা স্বস্তি ফিরলেও নতুন করে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক।
শুক্রবার দুধকুমার নদীর পানি ১৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার খবর দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ ছাড়া কমতে শুরু করেছে তিস্তা, ব্রহ্মপুত্রসহ অন্য নদ-নদীর পানি।
তবে ভাঙন ঝুঁকিতে থাকা এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. রাকিবুল হাসান।
স্থানীয়রা জানান, সকাল থেকে পানি কমলেও তিস্তা নদী অববাহিকায় ৪টি ইউনিয়নে শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়ন এবং উলিপুর উপজেলার থেতরাই ও বজরা ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে।
বজরা ইউনিয়নের কালপানি বজরা ও সাধুয়াদামারহাট গ্রামে তীব্র ভাঙন শুরু হয়েছে। বাড়িঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার চর গ্রামের বাসিন্দারা তিস্তার ভয়াবহ ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন।
কৃষক বাহার আলী বলেন, কয়েকদিনের ভাঙনে দুই একর আবাদি জমি তিস্তা গিলে খেয়েছে। ভাঙন এখন বাড়ির কাছাকাছি চলে এসেছে। শেষ সম্বলটুকু ভেঙে গেলে দুই মেয়েকে নিয়ে রাস্তায় বসতে হবে। এসব কষ্টের কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
বজরা ইউনিয়নের চেয়ারম্যান কাইয়ুম সর্দার বলেন, ভাঙন প্রতিরোধে বজরা ইউনিয়নে ঠিকাদার নিয়োগ করা হলেও পানি বৃদ্ধি পাওয়ায় কাজ শুরু না করায় চলতি সপ্তাহে ছয়টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে ১০টি বাড়িসহ একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
এর মধ্যে কালপানি বজরা ও সাধুয়াদামারহাট গ্রামের শাহজাদি, আশরাফুল, হান্নান, মুকুল, মজিদা ও রোসনার বাড়ি নদীগর্ভে চলে গেছে বলে জানান তিনি।
সাতালষ্কার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারা বলেন, “কাল যে রাস্তা দিয়ে স্কুলে গেছি, আজ সেই জায়গা নদীগর্ভে চলে গেছে। যেকোনো সময় দুটি স্কুল নদীগর্ভে চলে যেতে পারে।”
সাধুয়াদামারহাট গ্রামের ফুলবাবু বলেন, “নদীতে আমার দুই বিঘা জমি বিলীন হয়েছে। আমার মতো মোফাজ্জল ও আশরাফুলের বসতবাড়ি নদীতে চলে গেছে। ভাঙন রোধে সরকারি পদক্ষেপ চাই।”
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “ভাঙন কবলিত বজরা ও থেতরাই ইউনিয়ন পরিদর্শন করেছি। জনপ্রতিনিধিদের তালিকা তৈরির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কাছে ৩২০টি শুকনা খাবার প্যাকেট রয়েছে। আরও বরাদ্দ চাওয়া হয়েছে।”
এদিকে দুধকুমার নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে। তবে শুক্রবার থেকে কমতে শুরু করেছে পানি। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দুধকুমার নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার তা ১৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।
পানি কমলেও জলাবদ্ধতার কারণে নাগেশ্বরী উপজেলার বল্লভের কাস ইউনিয়নের ফান্দের চরে চার থেকে পাঁচটি বাড়িতে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা চরে নিচু এলাকার দুটি বাড়িতে পানি উঠছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “আমরা বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছি। এখন পর্যন্ত বাড়ি তলিয়ে যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে কিছু নিচু বাড়িতে পানি ওঠার খবর পেয়েছি।”
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন সরকার বলেন, “বন্যার প্রস্তুতি হিসেবে আমাদের কাছে দুই হাজার ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং চারশত ৪০ টন জিআর চাল মজুদ রয়েছে। এ ছাড়া টাকা রয়েছে ১৪ লাখ।
“তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলাগুলোতে বরাদ্দ দিয়ে দিব। এর মধ্যে প্রতি উপজেলায় ৩২০ প্যাকেট করে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।”
