২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানে-নৃত্যে পাহাড়ে লোকসংস্কৃতি উৎসব

কেএসআই প্রাঙ্গণে বিভিন্ন জাতিসত্তার স্টলে ঐতিহ্যবাহী অলংকার, পোষাক বা খাবারের পাশাপাশি ছিল পুরোনো দিনে প্রকাশিত প্রকাশনাও ছিল।

গানে-নৃত্যে পাহাড়ে লোকসংস্কৃতি উৎসব
বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী লোকসাংস্কৃতিক উৎসবে খেয়াং সম্প্রদায়ের নৃত্য পরিবেশনা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 01:00 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

মঞ্চে কেউ পরিবেশন করেছেন বাহারি পোষাকে নৃত্য, কেউ মেতেছেন পশু শিকার ও শিং নৃত্যে। কারও মুখে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গান, কেউ তুলছেন জুম পাহাড়ের বাঁশির সুর। 

এভাবে নানা বৈচিত্র্যের গান, সুর এবং নৃত্যে পাহাড়ের ১১টি নৃগোষ্ঠীর জীবন তুলে ধরতে বান্দরবানে শুরু হয়েছে লোকসাংস্কৃতিক উৎসব। 

শুক্রবার বিকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের (কেএসআই) আয়োজনে ইন্সটিটিউটের প্রাঙ্গণে দুদিন ব্যাপী এ উৎসবটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

উৎসবের এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও হয়েছে আলোচনা সভা। এছাড়া নিজেদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে কেএসআই প্রাঙ্গণে বসেছে বিভিন্ন জাতিসত্তার কয়েকটি স্টল। সেখানে যেমন ছিল বিভিন্ন সম্প্রদায়ের অলংকার, পোষাক বা খাবার, তেমনি ছিল পুরোনো দিনে প্রকাশিত প্রকাশনাও। 

ক্ষুদ্র নৃগোষ্ঠী লোকসাংস্কৃতিক উৎসবে চাক সম্প্রদায়ের নৃত্য। 

ক্ষুদ্র নৃগোষ্ঠী লোকসাংস্কৃতিক উৎসবে চাক সম্প্রদায়ের নৃত্য।

এদিন উৎসবের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, “সংস্কৃতি হল একটা জাতির প্রাণের স্পন্দন। এই প্রাণের স্পন্দন যখন থেমে যায় তখন একটা জাতির অস্তিত্ব বিলীন হয়। এই প্রাণের স্পন্দন স্বল্প পরিসরে হোক, বড় পরিসরে হোক- যখন চর্চা করা হবে তখন আবার জেগে উঠবে।”

তিনি বলেন, “চলার পথে যত বাধা তৈরি হোক না কেন উদ্যোক্তাও তৈরি হতে হবে। সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে হতে পারে আবার কৃষি ক্ষেত্রেও হতে পারে। আমাদের অর্থনৈতিকভাবেও সচেতন হতে হবে। ঘরে খাবার না থাকলে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে। এ কারণে অর্থনীতি এবং সাংস্কৃতিক চর্চা এক অপরের পরিপূরক।”

লোকসাংস্কৃতিক উৎসবে আলোচনা সভা।

লোকসাংস্কৃতিক উৎসবে আলোচনা সভা।

আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্যে কেএসআই-এর পরিচালক নুক্রাচিং মারমা বলেন, “লোকসাংস্কৃতিক উৎসবে প্রত্যেক জনগোষ্ঠী যে যার মত নিজেদের ব্যবহার্য পোষাক, অলংকার এবং সাংস্কৃতিক উপকরণ নিয়ে হাজির হয়েছে। কিন্তু উৎসবের জন্য কাজ করতে গিয়ে অনেক কিছু খুঁজে পাওয়া যায়নি। সংরক্ষণ ও পরিচর্যার অভাবে সেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে।”

প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, “সংস্কৃতিতে অপসংস্কৃতি ঢুকেছে। সেসেব অনুষ্ঠান কোনো আবেদন তৈরি করে না। জীবনের কথা বলতে পারে না। সংস্কৃতিতে ফিরতে হলে এ ধরনের লোকসাংস্কৃতিক উৎসব আয়োজন করা দরকার।”

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের প্রাঙ্গণে ত্রিপুরা সম্প্রদায়ের একটি স্টল। 

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের প্রাঙ্গণে ত্রিপুরা সম্প্রদায়ের একটি স্টল।

বাংলাদেশ ব্যাংকে অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মংক্যশোয়েনু নেভি বলেন, “সংস্কৃতির যে আদিরূপ- যেটি মানুষের এবং জাতিসত্তার পরিচয় তুলে ধরে সেটিই লোকসংস্কৃতি উৎসব। আমাদের এখানে জাতি বৈচিত্র্য তুলে ধরার জন্য এ ধরনের সাংস্কৃতিক উৎসব বারবার আয়োজন করা প্রয়োজন। হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি তুলে ধরা প্রয়োজন।”

“আমাদের নিজস্বতা বজায় রাখতে বেশি করে সংস্কৃতি চর্চা প্রয়োজন,” যোগ করেন তিনি। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিলেট বিভাগীয় সাবেক পরিচালক ডা. পুচনু মারমা বলেন, “সাংস্কৃতিক বিচিত্রতা কেবল বাংলাদেশ নয়, এটি সারাবিশ্বের গর্ব। এখানকার বিভিন্ন জাতি-সম্প্রদায় সাংস্কৃতিকভাবে এবং স্বতন্ত্রভাবে বেড়ে উঠে। হারিয়ে যাওয়া অনেক কিছু স্টলে স্টলে দেখার সুযোগ হয়েছে। মনে হচ্ছে, কিছু জিনিস একদম হারিয়ে যাচ্ছে। এগুলো খুব সিরিয়াসভাবে সংরক্ষণ করতে হবে।”

ক্ষুদ্র সাংস্কৃতিক ইন্সটিটিউটের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মেদাওয়ে মারমা মাধবী বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে সংস্কৃতি চর্চা ধারাবাহিকতা রাখা দরকার। তার পাশাপাশি এই প্রতিষ্ঠানকে ডিজিটালিভাবে গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে আলোচনা করা হচ্ছে। এখানে মানসম্মতভাবে রেকর্ডিং করার জন্য এই অর্থ বছরে প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে লোকসাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে এবং সব জাতিসত্তা অংশগ্রহণের সুযোগ থাকবে। 

উৎসবের একটি স্টলে পাহাড়িদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র। 

উৎসবের একটি স্টলে পাহাড়িদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র।

স্টলে স্টলে হারিয়ে যাওয়া জিনিস

এদিকে কেএসআই প্রাঙ্গণে বিভিন্ন জাতিসত্তার স্টলে নিজেদের ব্যবহার্য জিনিসপত্রের পাশাপাশি হারাতে বসা নানান ঐতিহ্যবাহী স্মারকও দেখা গেছে। স্টলগুলোয় শোভা পেয়েছে বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া অলংকার, পোষাক ও সেই সময়ে নিত্য ব্যবহার্য জিনিস। 

প্রদশর্নী করা হচ্ছে পুরোনো দিনে প্রকাশিত প্রকাশনাও। রয়েছে ঐতিহ্যবাহী নানান পদের পিঠাও।

আগের দিনের নিত্য ব্যবহার্য নানা জিনিস নিয়ে শহরে কালাঘটা এলাকা থেকে আসা শেলিনা ত্রিপুরা বলেন, “নিজেদের ঘরে কিছু ছিল। গ্রামেও একেকজনের কাছে একেক জিনিসপত্র ছিল। এগুলো সংগ্রহ করতে এক সপ্তাহ লেগেছে। 

স্টলে সাজানো মারমা সম্প্রদায়ের পুরোনো দিনের ব্যবহার করা অলংকার। 

স্টলে সাজানো মারমা সম্প্রদায়ের পুরোনো দিনের ব্যবহার করা অলংকার।

“বাঁশ দিয়ে তৈরি আগের দিনে ব্যবহার একটা সিন্দুক নিয়ে আসা হয়েছে। এটা আড়াই হাজার টাকায় বিক্রি করা হবে। এভাবে একদিকে যেমন নিজেদের ঐতিহ্যবাহী জিনিস প্রদর্শনী করা হচ্ছে, অন্যদিকে বিক্রিও করা হয়।”

বিভিন্ন পোষাকে শোভা পাচ্ছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের স্টলও। সেখানে বিক্রেতা বিষুপরী তঞ্চঙ্গ্যা বলেন, গোত্রভেদে সাত ধরনের মেয়েদের পোষাক রয়েছে এখানে। এ ধরনের লোকসংস্কৃতি উৎসব হবে জানানোর পর থেকে এগুলো সংগ্রহ করতে ২০ দিন সময় লেগেছে। এগুলোর দাম ৩০০ টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত রয়েছে। 

অনুষ্ঠানে আসা কলেজ শিক্ষার্থী রংবাতি ত্রিপুরা বলেন, “এখানে এসে অসম্ভব ভাল লাগছে। শুধু নিজেরদের পোষাক নয়, সেই সময় অন্যান্য সম্প্রদায়রা কীরকম পোষাক ব্যবহার করতেন, কোন ধরনের অলংকার এবং নিত্য ব্যবহার্য জিনিস কেমন ছিল তা দেখতে পাচ্ছি। এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এর আগে আমার দেখার সুযোগ হয়নি।”

বিভিন্ন পোষাক নিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের একটি স্টল। 

বিভিন্ন পোষাক নিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের একটি স্টল।

সংস্কৃতি কর্মী হোসনে আরা শিরিন বলেন, “কেএসআই কর্তৃপক্ষ প্রতিবারই নাচ-গানের অনুষ্ঠান আয়োজন করে। এ বছর এগুলোর পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস নিয়ে স্টল দিয়েছে। সেখানে অনেক ধরনের ব্যবহার্য জিনিস শোভা পাচ্ছে। যা অনেকেই এর আগে দেখেনি। অনেক ধরনের অলংকার এবং আগের দিনে তাদের কীরকম জীবনযাত্রা ছিল সবকিছু দেখার সুযোগ পাচ্ছে।”

শনিবার লোকসাংস্কৃতিক উৎসবের সমাপনী দ্বিতীয় দিনেও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এছাড়া ‘বান্দরবান জেলায় বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক একটি কর্মশালাও আয়োজন করা হয়েছে।