Published : 23 May 2026, 07:03 PM
কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করেছে চীনা রোড ব্রিজ করপোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার দুপুরে দলটি উপজেলার বাংটুর ঘাট এলাকায় গিয়ে নদীর দুই পাড় ঘুরে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে বলে জানান বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা রোড ব্রিজ করপোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই। দলে আরও ছিলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেং টাও এবং সহকারী প্রকৌশলী শানতোনো।
এ সময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন।
পরিদর্শনে প্রতিনিধি দল শিবরাম বাংটুর ঘাট এলাকায় প্রায় এক হাজার ৭৫০ মিটার দীর্ঘ প্রস্তাবিত সেতুর নকশা ও কারিগরি বিষয়গুলো দেখেন।
প্রকৌশলী মো. এবাদত আলী বলেন, “ঈদের পর একটি বিশেষ স্টাডি টিম এসে সেতুটির বিস্তারিত সম্ভাব্যতা যাচাই করবে। এরপর প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি বলেন, এটি এখন প্রাথমিক পর্যায়ের কাজ। চীনা প্রতিনিধি দল বিষয়টি পর্যালোচনা করেছে।
সেতুটি নির্মিত হলে কুড়িগ্রামের তিনটি উপজেলার প্রায় আট লাখ মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনও আরও সহজ হবে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ধরলা নদী দিয়ে বিচ্ছিন্ন ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার সংযোগের এই সেতু নির্মাণের প্রস্তাব দেয় এলজিইডি।