১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

বাড়ির পাশে জমিতে ধানের বীজতলা রক্ষায় তিনি বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন বলে জানায় পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 07:18 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

বরিশালের উজিরপুর উপজেলায় ইঁদুর থেকে ধানের বীজতলা রক্ষায় নিজ ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার মুগাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

নিহত মুজাফফর মৃধা (৭৫) ওই গ্রামের কাশেম মৃধার ছেলে।

ওসি আব্দুস সালাম বলেন, বাড়ির পাশে জমিতে ধানের বীজতলা করেন মুজাফফর। সম্প্রতি সেখানে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়। ইঁদুর মারা জন্য ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন।

তিনি বলেন, বেলা ১২টার দিকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ক্ষেতে যান মুজাফফর। এ সময় ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির উজিরপুর অফিসের সহকারী ম্যানেজার মো. সেলিম শেখ বলেন, ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। ফাঁদ পাতা বন্ধে নিয়মিত অভিযান করা হয়। তবুও কৃষকরা নির্দেশ মানছেন না।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, যেখানেই বৈদ্যুতিক ফাঁদ পাতা হবে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।