স্ত্রীকে হত্যার পর বিষপানে আত্মহত্যা বলে প্রচার, স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে মধুখালীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করা হয়েছিল বলে জানান পিপি।
ফরিদপুরের মধুখালীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর বিষপান করে আত্মহত্যা বলে প্রচার করেও শেষ রক্ষা হলো না যুবকের। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া নুর আলম ওরফে হুমায়ুন (৩৪) উপজেলার গোপালদী গ্রামের মো. শহীদ শেখের ছেলে। রায় ঘোষণা শেষে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
নিহত শিলা খাতুন (২৬) মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের কুতুব উদ্দিন মোল্লার মেয়ে। এ দম্পতির তিন বছর ও পাঁচ মাস বয়সি দুটি মেয়ে রয়েছে।
মামলার বরাতে পিপি রতন বলেন, ২০১৮ সালের ২৩ অক্টোবর রাত পৌনে ১টার দিকে যৌতুকের দাবিতে শিলাকে তার স্বামী ও পরিবারের লোকজন শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে এলাকায় প্রচারণা চালানো হয়।
ভোর ৬টায় প্রতিবেশীদের মাধ্যমে মোবাইল ফোনে শিলার মৃত্যুর বিষয়টি জানতে পারেন বাবার বাড়ির লোকজন। পরে শিলার বাবা মেয়ের বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
এ ঘটনায় একই বছরের ২৫ অক্টোবর শিলার বাবা মধুখালী থানায় মামলা করেন বলে জানান পিপি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন বছরের কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রতন।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “যারা যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করেন, এই মামলা রায় একটি উদাহরণ হয়ে থাকবে।”
