চাঁদপুরে মাছঘাট থেকে ৩০ মণ জাটকা জব্দ
জব্দ করা জাটকা মাদরাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে এক হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার সকালে উপজেলার চরভৈরবী মাছঘাটে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।
রাতে কোস্ট গার্ড জানায়, গোপন খবর পেয়ে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের বিসিজি চাঁদপুর স্টেশনের টহল দল মেঘনা নদী সংলগ্ন চরভৈরবী এলাকায় মৎস্য আড়তে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাছঘাট থেকে এক হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে জাটকার মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা জাটকা চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
