১৩ দফা দাবি আদায়ে নরসিংদীতে কৃষি ফার্ম শ্রমিকদের মানববন্ধন
দাবি আদায়ে আগামী ৩০ জুলাই পর্যন্ত নানা ধরনের কর্মসূচি পালন করা হবে।
বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছেন নরসিংদীর শিবপুরের কৃষি ফার্ম শ্রমিকরা।
মঙ্গলবার সকালে উপজেলার মজলিশপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। পরে খামার এলাকায় শোভাযাত্রাও করেন তারা।
কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, “কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি সুবিধা পেলেও কৃষি খামার শ্রমিকেরা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ছে না। তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না, সরকারি কর্মকর্তারা ইচ্ছেমাফিক শ্রমিক ছাঁটাই ও কাজ দিচ্ছেন, চিকিৎসা ভাতাও পাওয়া যাচ্ছে না।”
মূল এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষিফার্ম শ্রমিক ফেডারেশন ১৩ দফা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মিলন জানিয়েছেন, দাবি আদায়ে আগামী ৩০ জুলাই পর্যন্ত নানা ধরনের কর্মসূচি পালন করা হবে।
