নিখোঁজ কৃষকের লাশ ভেসে উঠল বিলে
পুলিশ বলছে, নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমে নিখোঁজ হন তিনি।
পাবনার চাটমোহর উপহেলায় নিখোঁজের একদিন পর বিলে এক কৃষকের মরদেহ ভেসে উঠেছে।
শুক্রবার দুপুরে উপজেলার দুবলিয়ার বিল থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে বলে চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান।
মৃত ৫০ বছর বয়সী গোলজার হোসেন উপজেলার বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে।
তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি মনজুরুল বলেন, “বৃহস্পতিবার ভোরে বোয়ালমারী গ্রামের খলিসাগারি বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন গোলজার। এক পর্যায়ে বিলের পানির স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তার আর কোনো খোঁজ পায়নি পরিবারের লোকজন।”
“শুক্রবার সকালে বিলের অপর প্রান্তে দুবলিয়ারর বিলে তার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবার ও স্থানীয় কৃষকরাথানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
ওই কৃষকের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
