১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশাল বোর্ডে পাসের হার ৫৬.৩৮%, এগিয়ে মেয়েরা

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে পাসের হার ৫৬.৩৮%, এগিয়ে মেয়েরা
বরিশাল বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

বরিশাল বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। তবে পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনের করে ফল ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

ফল ঘোষণার বক্তব্যে ইউনুস আলী সিদ্দিকী বলেন, “৫ অগাস্টের পর দেশে শিক্ষার একটা নতুন ধারা তৈরি হয়েছে। নতুন ধারার শিক্ষার মান কী অবস্থায় রয়েছে, আমরা সেটা জানার চেষ্টা করেছি। তাই এ বছর একটু ফল খারাপ হয়েছে।

ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীরা খারাপ করার কারণে পাশের হার কমেছে। এর কারণ হিসেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেছেন তিনি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার মান বাড়ানোর তাগিদ খুব কম।

আগামীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার মান বাড়নোর জন্য নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান।

ঘোষিত ফলে দেখা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিল ৮৪ হাজার ৭০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২ হাজার ৯৩১ জন। আর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৬ হাজার ৭৫৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯২০ জন। ছাত্র পাসের হার ৮০ দশমিক ৩৮; আর ছাত্রী ৮৫ দশমিক ৬২ শতাংশ।

মানবিক বিভাগে পাসের হার ৪৩ দশমিক ১৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। ছাত্র ৩১ দশমিক ৪৩ এবং ছাত্রী পাস করেছে ৫২ দশমিক ২৭ শতাংশ। 

ব্যবসায় শিক্ষায় পাসের হার ৫৪ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। এর মধ্যে ৪৬ দশমিক ৩১ ছাত্র এবং ৬৭ দশমিক ৯৪ শতাংশ ছাত্রী পাস করেছে।

গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হারের সঙ্গে জিপিএ-৫ও কমেছে।

সারাদেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৬৬ শতাংশ।

এই হিসাবে এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।