Published : 12 Feb 2026, 11:54 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুরে নাতির কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিলেন শতবর্ষী সূর্যবানু।
বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টায় ভোট শুরুর পরপরই কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা।
সেখানে সবার নজর কাড়েন ১১০ বছর বয়সী শতবর্ষী নারী সূর্যবানু; যিনি নাতি সুলাইমানের কোলে উঠে কেন্দ্রে প্রবেশ করেন। তার মুখে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু চোখ-মুখে ছিল উজ্জ্বলতা।
বয়স ও শারীরিক দুর্বলতা উপেক্ষা করে সকাল ৮টার আগেই কেন্দ্রে হাজির হন তিনি।
সূর্যবানুর ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কেন্দ্রে প্রবেশের সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সূর্যবানুকে সহযোগিতা করেন। নাতির কোল থেকে নেমে তিনি ভোট দিতে বুথে ঢোকেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে এ শতবর্ষী নারী ছেলের জন্য দোয়া করেন।
বয়সের ভারে জড়িয়ে যাওয়া কন্ঠে সূর্যবানু সাংবাদিকদের বলেন, “আল্লাহ যেন আমার ছেলেকে ভালো রাখে। দেশের মানুষের জন্য কাজ করতে পারে।”
সূর্যবানুর নাতি সুলাইমান বলেন, দাদি পীরের টেক এলাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে ভোট দিতে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। কেন্দ্রের ভেতরে গাড়ি নিতে না পারায় তাকে কোলে করে ভেতরে নেওয়া হয়।
এদিকে সূর্যবানুর উপস্থিতি ভোটকেন্দ্রে অন্যরকম আবহ তৈরি হয়। অনেকেই এগিয়ে এসে তাকে সালাম দেন; তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শতবর্ষী এই নারীকে দেখে তরুণ ভোটাররাও অনুপ্রাণিত হন।
কালিয়াকৈরের বাসিন্দা আকরাম হোসেন বলেন, “এত বয়স্ক ভোটার খুব কমই দেখা যায়। সূর্যবানুর মতো একজন প্রবীণ নারী ভোট দিতে এসে সবার মাঝে অনুপ্রেরণা জুগিয়েছেন।”
এদিতে গাজীপুরের পাঁচটি আসনে সকাল সাড়ে সাতটা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
লতিফপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে তরুণ ভোটার সুখপ্রীতা হেরা বলেন, “ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। নিজেকে দায়িত্ববান মনে করছি।”