২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুইজনের ফাঁসি, যাবজ্জীবন ৮

২০০৯ সালের ১৭ অগাস্ট নিখোঁজের তিন দিন পর ওই ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুইজনের ফাঁসি, যাবজ্জীবন ৮
নারায়ণগঞ্জে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 07:13 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক চাল ব্যবসায়ীকে হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন এক আসামি।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোমিনুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- মিলন (৪৯) ও সজিব (৪১)। 

যাবজ্জীবন সাজা পাওয়ারা হলেন- আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন এবং রহমত আলী। এর মধ্যে আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন। খালাস পেয়েছেন রবিন।

মামলার বরাতে পুলিশ পরিদর্শক কাইউম খান বলেন, ২০০৯ সালের ১৭ অগাস্ট চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লা নিখোঁজ হন। তিন দিন পর ২০ অগাস্ট ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ডোবা থেকে নুরুল হকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে পুলিশ ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।