গোপালগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী, ক্ষোভ
বিজয়ের মাস ডিসেম্বরে শহীদ মিনার অবমাননার ঘটনায় এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
বিজয়ের মাস ডিসেম্বরে শহীদ মিনার অবমাননার ঘটনায় এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনি পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এ সময় সমাবেশ করতে জুতা পায়ে প্রার্থী মারুফ শেখসহ নেতাকর্মীরা শহীদ মিনারে উঠে পড়েন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, “এখন বিজয়ের মাস চলছে। এমন মাসে শহীদ মিনারে জুতা পায়ে উঠা আপত্তিমূলক বিষয়।
“যেখানে আমরা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাই সেখানে জুতা পায়ে উঠে তাদের অশ্রদ্ধা করলাম। তাহলে আমরা শহীদদের জন্য কী করলাম? এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।”
এ বিষয়ে জানতে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফ শেখের মোবাইলে কয়েকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, “শুধু বিজয়ের মাস নয়, প্রত্যেকটি দিবসে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্মান জানাতে হবে। আমার মনে হয়, এটি তারা না বুঝেই করে ফেলেছেন।”
এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, “ওই সময় আমি পরিষদে ছিলাম না। এমন একটি ভিডিও আমিও দেখেছি। তবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা না বলে কোনো মন্তব্য করতে পারব না।”
