২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সালিসে আইনজীবী ও বহিরাগতদের সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষের ঘটনায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব সদর থানায় একটি লিখিত এজাহার জমা দেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 07:40 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

চাঁপাইনবাবগঞ্জে একটি সালিসকে কেন্দ্র করে আইনজীবী ও কয়েকজন ব্যক্তির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন আইনজীবী। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার বিকালে জেলা আইনজীবী সমিতি ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি একরামুল হোসাইন।

তিনি বলেন, সংঘর্ষের পর আইনজীবীরা সাতজনকে আটক করে পুলিশে দেন। তাদের মধ্যে পাঁচজন থানায় আছেন। আহত অবস্থায় হাসপাতালে থাকা দুজন পুলিশ হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব রোববার রাতেই সদর থানায় একটি লিখিত এজাহার জমা দেন। তবে সেটি সংশোধনের জন্য বলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

তিনি বলেন, সংশোধনের পর মামলা নেওয়া হবে। এরপর আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

এজাহারে বলা হয়েছে, আদালতের নির্দেশে একটি সিআর (আদালতে করা মামলা) মামলার বাদী ও বিবাদী পক্ষকে নিয়ে আইনজীবী সমিতিতে সালিশ চলছিল। ওই মামলার বাদী আইনজীবী সমিতির সদস্য মো. রাসেল আহম্মেদ রনি। সালিশ চলাকালীন কিছু বহিরাগত জোরপূর্বক একটি সালিশনামায় রাসেল আহম্মেদ রনির স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বহিরাগতদের হামলায় ছয় আইনজীবী আহত হয়েছেন।

আহত আইনজীবীরা হলেন- আব্দুর বারী-১, আব্দুর বারী-২, বশির আহম্মেদ, নাহিদ ইবনে মিজান, ফরহাদ হোসেন ও সামিউল ইসলাম মিলন।

এজাহারে ১২ জনের নাম দিয়ে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মধ্যে সাবেক কাউন্সিলর দুলাল হোসেনের নামও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ সমিতির নির্মাণাধীন ভবন থেকে রড ও লোহার পাইপ নিয়ে মারামারিতে জড়ায়।

আইনজীবী মাসুদ রানা বলেন, বহিরাগতদের আচরণের কারণেই সংঘর্ষ হয়। তার দাবি, সাবেক কাউন্সিলর দুলাল হোসেনসহ কয়েকজন বহিরাগত সমিতি ভবনে এসেছিলেন। 

অভিযোগ অস্বীকার করে দুলাল হোসেন বলেন, সোনামসজিদ বন্দরে পাথর ব্যবসা নিয়ে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত মামলার সালিশ চলছিল।

তিনি বলেন, “আমি শৌচাগারে ছিলাম। বের হয়ে দেখি মারামারি হচ্ছে। এরপর সেখান থেকে চলে আসি। কীভাবে ঘটনা শুরু হয়েছে, তা জানি না।”

এদিকে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহে গেলে এক টেলিভিশন সাংবাদিককে আটকে রাখা ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। তাকে উদ্ধারে গেলে আরও দুই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।

তবে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, পরে বিষয়টি মীমাংসা করা হয়।