Published : 06 Aug 2025, 06:14 PM
ভোলার চরফ্যাশনে দুই ভাইকে হত্যার দায়ে তিন আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।
বুধবার দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি হযরত আলী হিরণ জানিয়েছেন।
আসামিরা হলেন- চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের মো. জাফরুল্লাহ ফরাজীর ছেলে মো. বেল্লাল ও একই উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামছুদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন এবং একই ওয়ার্ডের শাহে আলম মুন্সীর ছেলে মো. শরিফুল ইসলাম।
তাদের মধ্যে শরীফুল ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৈতৃক ৫৬ শতাংশ জমি বিক্রি করে ভারত চলে যান তপন চন্দ্র শীল ও তার ভাই দুলাল চন্দ্র শীল। তাদের জমি ২০ লাখ টাকায় কিনে নেন আছলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. বেলাল ও তার শ্বশুর আবু মঝি। তারা মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দলিল করে নেন। বাকি টাকা নেওয়ার জন্য তপন ও দুলাল ভারত থেকে বাংলাদেশে আসেন।
তখন দুই ভাইকে টাকা দিতে টালবাহানা করতে থাকেন তারা। এক পর্যায়ে হত্যার পরিকল্পনা করেন বেলাল। ২০২১ সালের ৮ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দরীর ব্রিজে কাছে নির্জন বাগানে ডেকে নিয়ে দুই ভাইকে গলা কেটে হত্যা করে।
পরে মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং মাথা কেটে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।
এডিশনাল পিপি হযরত আলী হিরণ বলেন, ভুক্তভোগী পক্ষের পরিবার ন্যায় বিচার পেয়েছেন। তারা এ রায়ে সন্তষ প্রকাশ করেছেন।