২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দেড় হাজার কোটি টাকার আম বিক্রির লক্ষ্য

ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

চলতি মৌসুমে রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু হবে। এবার আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার টন। বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬৯৫ কোটি টাকা।

আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাত করা নিয়ে বুধবার নিজ কার্যালয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানান রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। 

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তারসহ কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন মালিকদের উপস্থিতিতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেন জেলা প্রশাসক।

তিনি বলেন, ক্যালেন্ডার অনুযায়ী এবার ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। আর গোপালভোগ নামাতে পারবেন ২০ মে থেকে। এছাড়া রাণীপছন্দ বা লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই থেকে পাড়া যাবে। 

এছাড়া সারা বছর কাটিমন ও বারি-১১ জাতের আম পরিপক্ব সাপেক্ষে নামানো যাবে বলে জানান জেলা প্রশাসক।  

তিনি বলেন, এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে; যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার ছয় টন। 

সেইসঙ্গে এক হাজার ৬৯৫ কোটি ৮৫ লাখ টাকা আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করার তথ্য দেন ডিসি।