২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রলিচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

“মীম ধর্ম পরীক্ষা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল।”

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রলিচাপায় স্কুলছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 07:09 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

বরগুনার বামনা উপজেলার বার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রলির চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলি চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার পাথরঘাটা-ঢাকা মহাসড়কের জাফ্রাখালী ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার জানান।

নিহত আজমেরী আক্তার মীম (১২) বামনা উপজেলার কালাইয়া গ্রামের আব্দুল হালিমের মেয়ে এবং ওই উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  

দুর্ঘটনার পর জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ট্রলিসহ চালক হাসানকে আটকের পর বামনা থানায় নেওয়া হয়েছে।

ওসি বলেন, “মীম ধর্ম পরীক্ষা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ট্রলি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”    

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ও বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদারসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।