ভালোবেসে বিয়ে, স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল
“আঙ্গুরিকে ভালবেসে বিয়ে করেছিলাম। কখনও ভাবিনি সে চলে যাবে।”
নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন এক চা বিক্রেতা। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
উপজেলার পূর্ব মাধনগর এলাকার প্রয়াত আলাল মণ্ডলের ছেলে শাকিল মণ্ডল (৩২) রোববার দুপুরে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন।
তিনি মাধনগর বাজারের একটি চায়ের দোকান চালান।
শাকিল মণ্ডল বলেন, “আমি আঙ্গুরিকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দেবে।
“কিন্তু হঠাৎ করেই সে তালাক দিয়েছে। আপনারা বিয়ে করার আগে মেয়ের মায়ের সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিয়ে করবেন। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।”
মাধনগর এলাকার বাসিন্দা মান্নান সরদার, সোহরাব মণ্ডল, ইউনুচ প্রামাণিক, মুক্তা হোসেনসহ কয়েকজন জানান, শাকিল ও আঙ্গুলির ১৪ বছরের সংসার। অশান্তির কারণে ১ জুন আঙ্গুরি তার স্বামীকে তালাক দিয়েছেন।
