২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোট: সিরাজগঞ্জে জাপা প্রার্থী ‘না’ ভোটের পক্ষে বলায় হট্টগোল

“একজন নাগরিক হিসেবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দুইটি বিষয়েই ভোট চাইতে পারি, এতে অসুবিধা কিসের আমি বুঝতে পারছি না।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে জাতীয় পার্টির প্রার্থীর গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানানোকে কেন্দ্র করে হট্টগোল-উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ সময় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

অনুষ্ঠানের শেষের দিকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামাণিকের বক্তব্যের সময় ঘটা এ ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ওই ভিডিওতে সেখানে উপস্থিত থাকা উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমিকে বারংবার হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত রাখতে বলতে দেখা যায়। এ অবস্থায় পুলিশ ও অন্যান্য প্রার্থীদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়। 

এ বিষয়ে হিলটন প্রামাণিক বলেন, “প্রশাসন ও প্রার্থীদের উপস্থিতিতে আমার বক্তব্য দেওয়ার সময় মঞ্চের একপাশে বসে থাকা কিছু লোকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে কোনো ভোট হবে না।” 

তিনি আরও বলেন, “আমাদের দলের চেয়ারম্যান ‘না’ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেখানে আমি তো অন্য কিছু বলতে পারি না। এছাড়া একজন নাগরিক হিসেবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দুইটি বিষয়েই ভোট চাইতে পারি, এতে অসুবিধা কিসের আমি বুঝতে পারছি না।”

এ সময় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শাস্তি দাবিও করেন তিনি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমির সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।