Published : 13 Jul 2026, 05:13 PM
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন।
সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলায় (হাকিমি আদালত) কচুয়া আদালতের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন।
আহতরা হলেন- সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
আইনজীবী মাহাবুব মোর্শেদ লালন বলেন, আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
তিনি বলেন, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি বেশ পুরোনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এসব সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে জানানো হয়েছে।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শেখ আদনান হোসেন বলেন, আদালত ভবনের পলেস্তারা খসে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মাথা, ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। হাসপাতালে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।