২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করলে একই পরিণতি হবে: হাসনাত

আগামীতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের দোসর হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে, সেদিকে ছাত্র সমাজকে লক্ষ্য রাখার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2024, 11:09 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

আওয়ামী লীগের সঙ্গে কোনো দল যদি আঁতাত করতে চায়, তাহলে তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, “সব দলকে দালালি পরিহার করে দেশের জন্য কাজ করতে হবে। যে উদ্দেশে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যাই।”

শনিবার বিকালে কুমিল্লার লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের দোসররা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশের এক ইঞ্চির মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই দেওয়া যাবে না। জুলাই আন্দোলনে শহীদ এবং ১৫ বছরে গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। 

সেইসঙ্গে আগামীতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের দোসর হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে, সেদিকে ছাত্র সমাজকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানে না। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, “বাঙালি জাতি যখনি কোনো ক্রান্তিলগ্নে গিয়ে দাঁড়ায়, তখনি ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিয়েছে। জুলাই বিপ্লব ছাত্রদের ত্যাগের বিনিময় হিসেবে সকলকে শিক্ষা ও সিদ্ধান্ত নিতে হবে যে, রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, রিফাত রশিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী হাসান বক্তব্য দেন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।