১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে ইয়াবাসহ আটক ২ ‘মাদক কারবারিকে’ ছিনিয়ে নিল সহযোগীরা

একদিন আগে একটি পিকআপ তল্লাশি করে ২৯৭টি ইয়াবাসহ দুইজনকে আটক করেছিল পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 11:02 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

সিলেট নগরে ইয়াবাসহ পুলিশের হাতে আটক দুই ব্যক্তিকে নিয়েছে তাদের সহযোগীরা; যাদের মাদক কারবারি বলছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরের শাহপরাণ থানার দলইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বুধবার বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান।

পুলিশ জানায়, ঘটনার দিন দলইপাড়ার আহমদের দোকানের সামনে একটি পিকআপ তল্লাশি করে ২৯৭টি ইয়াবাসহ শাহপরাণ থানার আলীবাগ এলাকার মো. ছামছু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং জাবেদ আহমদ (২৬) আটক করে পুলিশ।

আটকের পর তারা চিৎকার শুরু করলে তাদের সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল পুলিশের পথরোধ করে তাদের ছিনিয়ে নিয়ে যায়।

মনজুরুল আলম সাংবাদিকদের বলেন, “দলইপাড়ার মুছাব্বির আলীর ছেলে আব্দুল আহাদ কুটন (৪০), এনাম (৩৫), শহিদুল ইসলামের ছেলে সাকিব (২৪), আবুল মিয়ার ছেলে রেবুল (২৭), দত্তগ্রামের হোসেন মিয়ার ছেলে রোমান আহমদ (২৬) এবং আফরোজ মিয়ার ছেলে রাজিব আহমদের (৩৫) নেতৃত্বে এ হামলা চালানো হয়। সুযোগ বুঝে আটক দুইজন পালিয়ে যান।”

এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান নগর পুলিশের এ কর্মকর্তা।