Published : 05 Jun 2026, 12:52 AM
টাঙ্গাইলে দুই উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পাশাপাশি দুই উপজেলা ভূঞাপুরের ‘জগৎকুড়া’ এবং গোপালপুরের ‘গুলি পেঁচা’ গ্রামের মধ্যে সংর্ঘষের এ ঘটনার তথ্য দিয়েছেন গোপালপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন।
নিহত ৬৫ বছর বয়সী কালাম তালুকদার জগৎকুড়া গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, গুলিপেঁচা গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় ৪০টি গাড়িতে প্রায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ বলেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গুলি পেঁচা ও জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে পুনরায় সংঘর্ষে জড়ায় দুটি গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রসহকারে চলে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
এসময় কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেওয়া হলে কালামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা।
আহতদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর থানার এসআই মো. আসলাম উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত কালামের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।