টেকনাফে ‘অস্ত্রের মুখে অপহৃত’ ২ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩
একদিন আগে প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই রোহিঙ্গাকে অপহরণ করা হয় বলে জানায় পুলিশ।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে ‘অস্ত্রের মুখে জিম্মি’ করে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক হয়েছেন তিনজন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
উদ্ধাররা হলেন- উখিয়া উপজেলার বালুখালি ৮ নম্বর ক্যাম্পের আবুল বাছেরের ছেলে মোহাম্মদ শামশু এবং বালুখালী ১১ নম্বর ক্যাম্পের আব্দুর শুক্কুরের ছেলে আনিছুল আলম।
আটকরা হলেন- টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাইফুল এবং টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার মো. কবিরের স্ত্রী মরিয়ম বেগম (৫০) ও রবিউলের স্ত্রী নাছিমা আক্তার (৩০)।
এর আগে সোমবার বেলা ১১টায় উপজেলা সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে ওই দুই রোহিঙ্গা মাছ ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ স্বজনদের।
উদ্ধার হওয়া মোহাম্মদ শামশু ও আনিছুল আলম জানান, বালুখালি ক্যাম্প থেকে মাছ কিনতে তারা টেকনাফে যান। বাজারে মাছ না পেয়ে অটোরিকশায় করে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাওয়ার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
পরে তাদের কাছে থেকে টাকা ছিনিয়ে নিয়ে পাহাড়ে আটকে রাখা হয়; যেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে বলে জানান তারা।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, ওই দুজনকে তুলে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান করা এক ব্যক্তি তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করে পুলিশ।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জনতার সহযোগিতায় দুই রোহিঙ্গাকে উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। এ ছাড়া জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪০ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৩ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক।
অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
