২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিক্ষোভে কাঁদুনে গ্যাস-রাবার বুলেট নিক্ষেপ, পুলিশ বক্সে আগুন

বিক্ষোভ মিছিল থেকে শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয় বলে দাবি পুলিশের।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 10:25 PM

Updated : 26 Aug 2026, 10:09 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় বগুড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। 

শনিবার দুপুরে সংঘর্ষের একপর্যায়ে আন্দোলনকারীরা শহরের সাতমাথায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় বলে জানান বগুড়া পুলিশ সুপার জা‌কির হাস‌ান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের উপজেলা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থান নিতে থাকেন। বেলা সাড়ে ৩টার পর আন্দোলনকারীরা বিভিন্ন এলাকায় অগ্রসর হতে থাকে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। 

পুলিশও পাল্টা কাঁদুনে গ্যাস ও ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে। সেইসঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ছবি কালো প্রলেপ দিয়ে ঢেকে দেয় আন্দোলনকারীরা।

পরে শহরের জ্বলেশ্বরীতলা, ইয়াকুবিয়ার মোড়ের সাব জজ কোয়াটারে সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় তারা। এ ছাড়া সাতমাথায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

তবে অন্যদিনের চেয়ে আজকের আন্দোলনে অনেক বেশি অভিভাবকদের দেখা গেছে।

পুলিশ সুপার জা‌কির হাস‌ান ব‌লেন, “বিক্ষোভকারীরা সাতমাথায় পু‌লিশ ব‌ক্সে আগুন দি‌য়ে‌ছে। আন্দোলনকারীদের প্রধান টা‌র্গেট পু‌লিশ। তারা পু‌লিশ‌কে লক্ষ‌্য ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ কর‌ছে।”