নোয়াখালীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
হাসপাতালের চিকিৎসক জানান, ছাত্রীটির বাম হাতে চারটি সেলাই লেগেছে।
নোয়াখালী শহরে মুখোশধারীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্রী আহত হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে শহরের লক্ষ্মীনারায়ণপুরের বছিরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান।
আহত স্কুলছাত্রী (১১) শহরের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই ছাত্রীর মা জানান, স্কুল ছুটির পর শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যাচ্ছিল তার মেয়ে। পথে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুই যুবক তার বাম হাতের কব্জিতে চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, ছাত্রীটির বাম হাতে চারটি সেলাই এবং প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে বাসায় পাঠানো হয়েছে।
ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত সেপ্টেম্বরে একই এলাকায় বাসায় প্রবেশ করে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটে।
আরও পড়ুন:
