১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দ্রুতগতির বাস কাড়ল বাইসাইকেল আরোহী দিনমজুরের প্রাণ

“ঘোলা থেকে সাতক্ষীরা গামী যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে রেজাউলকে ধাক্কা মেরে পালিয়ে যায়।”

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 03:06 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় বাইসাইকেল আরোহী এক ষাটোর্ধ্ব দিনমজুরের মৃত্যু হয়েছে।

নিহত রেজাউল সানা আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আশাশুনি থানার ওসি বিশ্বজিত কুমার জানান, রোববার দুপুরে রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেলে করে বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

তিনি বলেন, “ঘোলা থেকে সাতক্ষীরা গামী যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে রেজাউলকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।

“দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশাশুনির চাপড়া ব্রিজ এলাকা থেকে বাসটি আটক করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সেটি জব্দ করে।"

আশাশুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেনুজ্জামান বলেন, রেজাউল একজন দিনমজুর। তার মৃত্যুতে পরিবারের আয়ের উৎস হারিয়ে গেল। এ অবস্থায় বাস চালকের গ্রেপ্তার শাস্তি ও বাস মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।