Published : 24 Apr 2026, 06:09 PM
নাটোরের লালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় সড়ক অবরোধ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
শুক্রবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গোধরা ও গুনাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন।
তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের দুপুরে উপজেলার কদমছিলান এলাকায় যুবদল নেতা মজনুর পক্ষের নেতাকর্মীদের সঙ্গে দোহার পক্ষের লোকজনের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এ সময় কয়েকটি গণপরিবহনের জানালা ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেইসঙ্গে সড়ক থেকে অবরোধ সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান বলেন, দুপুরে এক পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে তোহা ও মজনুর পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
ফের সংঘর্ষ এড়াতে বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।