২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলেসহ দগ্ধ ৮

নতুন সিলিন্ডার সংযোগের পর লিকেজ থেকে আগুন ধরে যায়; যা থেকে বিস্ফোরণ ঘটে বলে জানান সাবেক কাউন্সিলর।

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলেসহ দগ্ধ ৮
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

দিনাজপুর শহরে একটি বাড়িতে রান্নার করার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন; যাদের মধ্যে প্রতিবেশী মা ও ছেলে আছেন।

শনিবার বিকাল পৌনে ৪টার দিকে শহরের কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দিনাজপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম।

আহতরা হলেন- ওই এলাকার মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫), প্রতিবেশী আমিদা রানী (৪৬), শিরিন আক্তার (৪৫) ও তার ছেলে স্বচ্ছ (১৩), মলয় চন্দ্র (৩০), শাজাহান কবীর (৬০), সজীব (২৬) এবং ইলেকট্রিক মিস্ত্রি রিয়াজ উদ্দিন (২২)।

আহতদের মধ্যে সাতজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর রিয়াজ উদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম বলেন, মাহবুবের বাড়িতে রান্নার গ্যাস শেষ হলে নতুন সিলিন্ডার এনে সংযোগ করার পর লিকেজ থেকে আগুন ধরে যায়। এ সময় মিস্ত্রিসহ কয়েকজন লিকেজ বন্ধ করার চেষ্টা করেন। এর মধ্যে আগুনের কথা শুনে বাড়ির আশেপাশের লোকজনও দেখতে আসেন। 

এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হলে মিস্ত্রিসহ আটজন কমবেশি দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ইসরাত বলেন, রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গেছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেলেও গুরুতর নয়।