১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, যুবক গ্রেপ্তার

মূর্তিটি ভারতে পাচারের সময় সুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 06:40 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তার সুজন মহন্ত (৩৫) উপজেলার খগেরহাট গ্রামের বাসিন্দা এবং চিন মহন্তের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন খবর পেয়ে বুধবার বিকালে দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি; যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা।

র‌্যাব জানায়, ওই এলাকার ভেকু চালক সুরুজ আলীর ছেলে চান মিয়া (৩৬) মাটি কাটার সময় একটি স্থান থেকে কষ্টিপাথরের মূর্তিটি পেয়েছিলেন। পরে মূর্তিটি বিক্রির জন্য সুজনকে দেওয়া হয়। মূর্তিটি ভারতে পাচারের সময় সুজনকে আটক করে র‌্যাব। তবে অভিযানের সময় চান মিয়া বাড়িতে ছিলেন না।

পরে মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কাহারোল, দিনাজপুর কর্তৃক যাচাই করা হয়। এ ঘটনায় সুজন মহন্তের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা করেছে র‌্যাব।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া বিষ্ণু মূর্তিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।