Published : 22 Jun 2026, 11:50 PM
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে যুবলীগের ব্যানারে মিছিল থেকে পুলিশকে হুমকির ঘটনায় মামলা হয়েছে। এতে ৩২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার ভোরে বিক্ষোভ মিছিল ও পুলিশকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে বাসন থানায় এসআই কাজী সামসুজ্জামান বাদী হয়ে মামলাটি করে।
মামলায় ৬২ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে বলে বাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম জানান।
মামলায় বলা হয়, ভিডিওতে যুবলীগের নেতাকর্মীদের পুলিশের উদ্দেশে বলতে শোনা যায়, “ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।”
ভিডিওতে দেখা যায়, মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকায় শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ৩০-৪০ জন যুবক একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক। বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। এ ছাড়া ব্যানারের এক পাশে শেখ হাসিনা ও অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।
মিছিলকারীরা ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন।
এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন।
গাজীপুর মহানগর পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
আরও পড়ুন-
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি, 'সামনে আসবি না, মাইরা